ঢাকা সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ৮ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে স্কুল ভবনে তালা, নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট সাঁটানোর অভিযোগ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৯.২৩ পি.এম
মহম্মদপুরে স্কুল ভবনে তালা, নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট সাঁটানোর অভিযোগ
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরে কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিদ্যালয়ের দরজা-জানালায় আঠা দিয়ে সাঁটানো হয়েছে বিভিন্ন রঙের আটটি এ-ফোর কাগজ। এসব কাগজে উপজেলা ছাত্রলীগের ব্যানারে ‘লকডাউন সফল হোক’ লেখা রয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি জানাজানি হয়। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকের তালা খোলা হয়নি এবং দরজা-জানালায় সাঁটানো কাগজগুলোও অপসারণ করা হয়নি।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে রাখা এবং রাজনৈতিক কর্মসূচির প্রচারণামূলক কাগজ সাঁটানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একাডেমিক ভবনের তালা খুলে দেন এবং দরজা-জানালায় সাঁটানো কাগজগুলো অপসারণ করেন।

এ বিষয়ে কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী মৃধা বলেন, ‘শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ ছিল। বিষয়টি নাইট গার্ডের মাধ্যমে জানতে পারি। পরে বিদ্যালয়ে এসে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলানো এবং দরজা-জানালায় রঙিন কাগজ সাঁটানো দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পাঠদানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঘটনার বিষয়ে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহিদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’