শ্রীউলায় যুবদল নেতা শহিদুলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাড়িয়ালা মৎস্য সেটে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শ্রীউলা উনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ গ্রহনে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক দিন ধরে এলাকার একটি স্বার্থান্বেষী মহল যুবদল নেতা শহিদুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর স্ট্যাটাস দিয়ে আসছে। এর প্রতিবাদ জানাতেই এলাকার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়েছেন। বক্তাগণ শহিদুল ইসলামকে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন বলেন, লাঙ্গলদাড়িয়া মৌজার এসএ ২৯৪ নং খতিয়ানের সাবেক ১১০০ দাগের ২৫ শতক জমি শহিদুল ইসলামের পিতা আব্দুর রউফ সরদার জীবদ্দশায় বিভিন্ন দলিলমূলে ক্রয় করেন। পিতার প্রতিশ্রুতি অনুযায়ী তার সন্তান ইয়াসিন, শহিদুল, আব্দুল্লাহ ও আব্দুল হাকিমের মধ্যে সমহারে জমিটি বণ্টন করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকার কথা ছিল।
কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জমিটি ভিপি খতিয়ানভুক্ত থাকায় বিভিন্ন ব্যক্তি ইজারা নিয়ে সেখানে দোকানপাট নির্মাণ করেন এবং অন্যের কাছে ভাড়া দেন। পরবর্তীতে শহিদুল ইসলাম আদালতে মামলা করে জমিটি নিজের দখলে নেন। তারপরও শহিদুল ইসলামের আপন ভাই আব্দুল হাকিম একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছেন। ফলে শুধু শহিদুল ইসলাম নয়, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হলে এলাকাবাসী এর যথাযথ প্রতিবাদ জানাবেন।
মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু মুসা, সাবেক যুগ্ম আহ্বায়ক মাকফুর রহমান বুলু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক গাজী, উজ্জ্বল হোসেন, মিল্লাত সরদার, আমিরুল গাজী, ইয়াসিন আলী সরদার, রুহুল আমিন, রাজগুল হোসেন, শফিকুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
