আশাশুনির চিলেডাঙ্গা দাখিল মাদ্রাসার চরম বেহাল দশা, দুর্ভোগে ৩৫০ শিক্ষার্থী
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : দীর্ঘদিনের অবহেলা ও অবকাঠামোগত সংকটে বেহাল দশায় রয়েছে আশাশুনি উপজেলার বি.পি.এন.কে. চিলেডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসা। শ্রেণিকক্ষের ভবন, ল্যাট্রিন ও যাতায়াতের রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে মাদ্রাসার প্রায় ৩৫০ শিক্ষার্থীকে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে প্রথম পাঠদানের অনুমতি পায় এবং ১৯৮৪ সালে দাখিল পর্যায়ের স্বীকৃতি লাভ করে। বর্তমানে ১২টি কক্ষ রয়েছে। শিক্ষক-কর্মচারী রয়েছেন ২১ জন। মাদ্রাসার ভবন ও শ্রেণিকক্ষগুলোর অবস্থা শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্থ করে তুলছে।প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ল্যাট্রিন বা বাথরুমের বেহাল অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ কঠিন হয়ে পড়েছে। পল্লী মেঠো পথে অবস্থিত মাদ্রাসার যাতয়াতের পথ দীর্ঘকাল সংস্কারের অভাবে বিপদগ্রস্ত হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের সময় শিক্ষার্থীদের পানিতে নেমে রাস্তা থেকে সরে দাঁড়াতে হয়। এতে প্রতিদিনই শিক্ষার্থীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রতিকূল পরিবেশের কারণে অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছে বলে জানা গেছে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা দূরের প্রতিষ্ঠানে যাতায়াত করতে না পারায় তাদের শিক্ষাজীবনও ঝুঁকির মুখে পড়ছে।
এ অবস্থায় মাদ্রাসাটির অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত শ্রেণিকক্ষ নির্মাণ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা এবং যাতায়াতের রাস্তা সংস্কার জরুরি হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা প্রতিষ্ঠানটির উন্নয়নে এগিয়ে আসবেন। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষাঙ্গন হিসেবে মাদ্রাসাটি আবারও প্রাণ ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান ও একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান জানান, মাদ্রাসাটির বিল্ডিং এর অবস্থা খারাপ হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত মাদ্রাসার নতুন ভবন নির্মান করা দরকার। মাদ্রাসার বিল্ডিং এর প্রয়োজনীয়তা বিবেচনা করে উপজেলার বিল্ডিং প্রয়োজন এমন প্রতিষ্ঠানের সাথে এই মাদ্রাসার নাম তালিকাভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
