দেবহাটায় কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরনে খেলাধুলার আয়োজন
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : উপকূলীয় জনপদে খেলাধুলাকে কেন্দ্র করে কিশোরী ও তরুণীরা নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি তারা নিজেদের পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানেও সক্রিয় ভূমিকা রাখার ধারাবাহিকতায় শনিবার (২৮ নভেম্বর) বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর কেদার মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব। ব্রেকিং দ্যা সাইলেন্সের বাস্তবায়নে ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (SPiRiT-CALL)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল টিডিএইচ ফাউন্ডেশন। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) এবং অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা ধরনের ঐতিহ্যবাহী ও আনন্দঘন প্রতিযোগিতা।
১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য ছিল মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য আয়োজন করা হয় বালিশ পাসিং খেলা। পাশাপাশি অনুষ্ঠিত হয় কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ। অভিভাবকদের জন্য ছিল চেয়ার সিটিং, হাড়িভাঙা, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবীদ ও সাবেক শিক্ষক আফছার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, ইউপি সদস্য আজগার আলী ও ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের SPiRiT-CALL প্রকল্পের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদেরকে পুরষ্কার বিতরন করা হয়।
