ঢাকা মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ ২৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে স্কুলছাত্রী নিহত, আহত বোন

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.৫৮ এ.এম
নড়াইলে পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে স্কুলছাত্রী নিহত, আহত বোন
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত দুই বোন হতাহত হয়েছে। এ ঘটনায় বড় বোন অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার সেতু (১৪) নিহত এবং ছোট বোন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিতু (১২) আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুই বোনই স্থানীয় বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তারা নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে দুই বোন নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় খুলনা মেট্রো-শ ১১-০৫০২ নম্বরের পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে নলদী এলাকার খালপাড়ের সরু সড়কে প্রবেশ করে। পরে হাফিজুর মোল্যার বাড়ির সামনে পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা পাথর ঘরের ভেতরে ছিটকে পড়ে দুই বোনের ওপর। ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয় এবং গুরুতর আহত মিতুকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সেতুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।