ঢাকা মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ ২৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দুই দফা দাবিতে আগরপুরে ডাকবিভাগ কর্মচারীদের ধর্মঘট

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৩৭ পি.এম

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ  উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুরে  দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট শুরু হয়েছে। বক্তারা তাদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান।

মঙ্গলবার  (৭ জুলাই) সকাল ১১টায় আগরপুর অস্থায়ী  ডাক বিভাগের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।

মানববন্ধনে বক্তব্য দেন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন  ডাকবিভাগের কর্মচারীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এতো অল্প বেতনে তারা পরিবার-পরিজন নিয়ে অনেক সমস্যায় আছেন। 

অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য তারা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা।