উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইল-১ (কালিয়া ও নড়াইল সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তিনি কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, সংযোগ সড়ক উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিনের কিছু অবকাঠামোগত সমস্যার সমাধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মিল্টন শেখ জানান, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন বলেও তারা দাবি করেন।
সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচনের আগে মানুষের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়ন করা আমার দায়িত্ব। উন্নয়নের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। নড়াইল-১ আসনকে একটি আধুনিক ও পরিকল্পিত নির্বাচনী এলাকায় পরিণত করতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার বিষয়ে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
জনগণের সহযোগিতা ও আস্থা নিয়েই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে চাই।”
এ ছাড়া কৃষির আধুনিকায়ন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়িত হলে নড়াইল-১ আসনের যোগাযোগ, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।
