কালিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় শুক্রবার (১০ জুলাই) তিনটি পৃথক সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, লেবুর চারা, সবজি বীজ এবং রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ১৭০ জন কৃষক ও ২৭৭টি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি উপকারভোগীকে ৫ কেজি জৈব সার ও গাছের সুরক্ষার জন্য বাঁশের খুঁটি প্রদান করা হয়।
এ ছাড়া খরিপ-২ মৌসুমে লেবু জাতীয় ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে লেবুর চারা ও ২৫ কেজি জৈব সার দেওয়া হয়।
একই সঙ্গে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সাত প্রকার সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ বনি আমিন খান, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সরকারি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
