ঢাকা শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.০৭ পি.এম
গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান, অনুষ্ঠানস্থল  পরিদর্শনে তথ্যমন্ত্রী
www.dailyranggaprovat.com

হাসান মাহমুদ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর গৌরনদী সফরকে কেন্দ্র করে শুক্রবার (১০ জুলাই) সকালে বাটাজোর এলাকার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্যমন্ত্রী ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সকালে তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান। 

২০০৩ সালে খাল পুন:খননের স্মৃতিচারণ করে তৎকালীণ গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ২০০৩ সালে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বনির্ভর খাল পুন:খননের উদ্বোধন করে স্থানীয়দের উদ্বুদ্ধ করেছিলেন। এসময় আমি তার পাশেই ছিলাম। ২২ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারম্যান হিসেবে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচীতে আসবেন তারেক রহমান। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান জানান, ‘আমরা দলীয়ভাবে জানতে পেরেছি যে আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশালে আসছেন। বরিশাল সফরের অংশ হিসেবে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করবেন। তার এই সফরকে সফল করতে আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। 

উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী ও আমাদের দলীয় প্রধানের গৌরনদীতে আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা প্রস্তুতি সভা সম্পন্ন করেছি। 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে দশটায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পূন:খননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে যোগদান করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।