ঢাকা শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

উন্নয়ন, কৃষি, জনকল্যাণ ও রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপির দিনব্যাপী ব্যস্ততা

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ১১.০৭ এ.এম
উন্নয়ন, কৃষি, জনকল্যাণ ও রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপির দিনব্যাপী ব্যস্ততা
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইল-১ (৯৩) আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম শুক্রবার (১০ জুলাই)  উন্নয়ন, কৃষি, জনকল্যাণ এবং রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

শুক্রবার সকালে তিনি কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার খাশিয়াল ইউনিয়নের টোনা খালে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।

এরপর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ হাজার ৫৫০ জন কৃষক এবং ২৭৭টি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, লেবুর চারা, সবজি বীজ, ডিএপি সার, এমওপি সার ও জৈব সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরিকৃত অনুদান ৪১জন উপকারভোগীদের হাতে তুলে দেন সংসদ সদস্য। এ সময় তিনি সরকারের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন।

পরে কালিয়া থানা প্রাঙ্গণে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত নবনির্মিত মোটরসাইকেল পার্কিং শেডের উদ্বোধন করেন তিনি। সংশ্লিষ্টরা জানান, এ শেড চালু হওয়ায় থানা প্রাঙ্গণে যানবাহন পার্কিং আরও সুশৃঙ্খল হবে এবং সেবাপ্রার্থীরা নিরাপদে মোটরসাইকেল রাখার সুযোগ পাবেন।

অন্যদিকে কালিয়া থানা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ খলিলুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শেখ খলিলুর রহমান দলের দুঃসময়ে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর আদর্শ, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

বিভিন্ন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, কৃষিবিদ বনি আমিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী,  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম উন্নয়ন, কৃষি, পরিবেশ সংরক্ষণ, জনকল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার ধারাবাহিকতা বজায় রাখেন।