ঢাকা রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে তিন দিনে পাঁচ গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ১০.২২ পি.এম
কালীগঞ্জে তিন দিনে পাঁচ গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষক
www.dailyranggaprovat.com

মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তিন দিনে উপজেলার তিনটি গ্রাম থেকে অন্তত পাঁচটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুলাই দিবাগত রাতে উপজেলার বলিদাপাড়া গ্রামের রবিউল ইসলামের গোয়ালঘর থেকে দুটি গাভী ও একটি বাছুরসহ তিনটি গরু চুরি হয়। একই রাতে মেগুরখির্দা গ্রাম থেকে আরও একটি গরু চুরির ঘটনা ঘটে। এর আগের দিন, ৯ জুলাই ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। আইয়ুব হোসেনের বাড়ির পাশের একটি সিসিটিভি ক্যামেরায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির চলাচলের দৃশ্য ধারণ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমার তিনটি গরুই ছিল পরিবারের প্রধান আয়ের উৎস। দুধ বিক্রি করেই সংসার চলত। এক রাতেই সব হারিয়েছি।আইয়ুব হোসেন বলেন, অনেক কষ্ট করে গরু পালন করি। কিন্তু এক রাতে গরুটি চুরি হয়ে গেছে। দ্রুত চোরদের গ্রেপ্তার করে গরু উদ্ধারের দাবি জানাই।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধারাবাহিক গরু চুরির ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। নিরাপত্তার স্বার্থে অনেক এলাকায় গ্রামবাসী রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন।এর আগে গত ১৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ১০ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় আরও ১০টি গরু চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২৬ জুন আগমুন্দিয়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি থেকে পাঁচটি গরু, ২০ জুন ভাদঘারা গ্রামের আব্দুস ছালামের একটি ষাঁড় এবং ১৫ জুন একই গ্রামের নায়েব আলীর তিনটি গরু চুরির অভিযোগ পাওয়া যায়।এদিকে, ২৫ জুন রাতে ভাদঘারা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে গরু চুরির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, গরু চুরির ঘটনাগুলোর তদন্ত চলছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আশা করছি, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।