ঢাকা সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনায় সেতু নির্মান কল্পে সেতু সচিবের পরিদর্শন

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৫০ পি.এম
আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনায় সেতু নির্মান কল্পে সেতু সচিবের পরিদর্শন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার দুর্গম এলাকা কোলা-ঘোলা ত্রিমোহনায় থ্রি-নজ সেতু নির্মান কল্পে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ। রবিবার (১২ জুলাই) সকাল ৯.৩০ টায় তিনি সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শন করেন।

আশাশুনি ও শ্যামনগর উপজেলার ৭/৮টি ইউনিয়নের দুর্গম এলাকার মানুষ নদী পার হয়ে কিংবা দীর্ঘ সড়ক পথ অতিক্রম করে উপজেলা ও জেলা শহরে অতি কষ্টে যাতয়াত করে থাকে। দুর্গম পথে গর্ভবতী মহিলা, রোগী, বৃদ্ধ মানুষ বা জরুরী কাজের জন্য যাতয়াত করা খুবই কষ্টকর। তাছাড়া ত্রিমোহনায় নৌকায় খেয়া পারাপারও ঝুঁকিপূর্ণ। এখানে থ্রি-নোজ সেতু নির্মীত হলে দুর্গম এলাকার ৭/৮ টি গ্রামের মানুষ অর্ধেকেরও কম সময়ে এবং স্বল্প খরচে উপজেলা, জেলা শহর এবং খুলনা-যশোরে যাতয়াত করতে পারবে। আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত ব্রিজের স্থান পরিদর্শনকালে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ তিন পারের শত শত মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সচিব আব্দুর রউফ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। সরকারি দল ও বিরোধী দল মিলে সুন্দর পরিবেশে দেশকে এগিয়ে নিতে চেষ্টা করছে। সেই চেষ্টার অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সেল খোলা হয়েছে। সেলে এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ডিও লেটার জমা দিচ্ছেন। সাতক্ষীরা-০৩ আসনের এমপি মহোদয়ের ডিও লেটারে এখানে সেতু নির্মানের দরকারের কথা বলেছেন। বিএনপি-জামায়াত ও স্থানীয় জনগণও একই দাবী করছেন। আমরাও এই দাবীর সাথে একমত পোষণ করছি। আমরা স্টাডি করছি, কোন এলাকায় সেতু করলে মানুষ বেশী উপকৃত হবে, তা বুঝতে এসেছি। সমীক্ষা করে কোন দিক দিয়ে করলে ভাল হবে সেদিক দিয়ে করা হবে। তিনি আরও বলেন, সেতু বিভাগ ১.৫০ কিঃমিঃ এর উপরের সেতু নির্মান করে থাকে। এখানে সেই পরিমাণ দীর্ঘ হলে আমরা দ্রুত কাজ করতে চেষ্টা করবো। কম হলে সড়ক ও জনপথ বিভাগ করবে। কম হলে আমরা তাদেরকে করতে বলবো। 

এ সময় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় সেতু বিভাগের অতিঃ সচিব (ফাইনান্স) শেখ আঃ সামাদ, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর আলহাজ্ব নুরুল আফছার মোর্তজা, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, আঃ আলিম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, অধ্যক্ষ মুজিবুর রহমান, শ্রীউলা জামায়াত আমীর মাওঃ লুৎফর রহমান, শ্রীউলা বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টু, প্রবাসী মাসুদুর রহমান কাজলসহ জামায়াতে ইসলামী  ও বিএনপির উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।