কালিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌর এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছে কালিয়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পৌরসভার উথালী গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদ গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা কামাল, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজা রাব্বী কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, কালিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল ইসলাম (মনা)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।
ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, "নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"
