ঢাকা বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মৌলভীবাজারে নদীতে নিখোঁজের ৪ দিন পর ম'র'দে'হ উদ্ধার

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.৩৫ পি.এম
মৌলভীবাজারে নদীতে নিখোঁজের ৪ দিন পর ম'র'দে'হ উদ্ধার
www.dailyranggaprovat.com

মৌলভীবাজার প্রতিনিধি।। : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ঘাস কেটে পার হওয়ার সময় স্রোতের টানে নিখোঁজ হওয়া কৃষক মাসুক মিয়ার (৪৫) ভাসমান মরদেহ  উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দীর্ঘ চার দিন পর আজ বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা এলাকা থেকে তাঁর মরদেহ  উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ।

নিহত মাসুক মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) সকালে গবাদি পশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন মাসুক মিয়া। ঘাস কাটা শেষে দুপুরের দিকে সেই ঘাসের বোঝা মাথায় নিয়ে ধলাই নদী পার হচ্ছিলেন তিনি। এ সময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

মাসুক মিয়া নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে তারা ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে টানা কয়েক দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে নদীর তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম কয়েক দিন তাঁর কোনো সন্ধান মেলেনি।

অবশেষে নিখোঁজের চার দিন পর আজ ভোরে দুর্ঘটনা স্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হকতিয়ারখোলা এলাকায় নদীতে একটি মরদেহ  ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মাসুক মিয়ার মরদেহ  উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কমলগঞ্জ থানার কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ধলাই নদী থেকে নিখোঁজ কৃষক মাসুক মিয়ার মরদেহ  উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কৃষক মাসুক মিয়ার এমন মর্মান্তিক মৃ/ত্যুতে হিরামতি গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।