বার্সার জয়, রিয়ালের শিরোপায় বড় ধাক্কা
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০৪.৪৮ এ.এম
রাঙা প্রভাত ডেস্ক।। রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা এক রাত উপভোগ করে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়াম। আক্রমণ-পাল্টাআক্রমণ আর লাল কার্ডের রোমাঞ্চ ছাপিয়ে শেষ হাসি বার্সেলোনার। একজন কম নিয়ে খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ যখন ড্রয়ের স্বপ্ন বুনছিল। তখনই ভাগ্যের ছোঁয়ায় কপাল পোড়ে ডিয়েগো সিমিওনের দলের। শেষ মুহূর্তে গোল হজম করে অ্যাথলেটিকো। আর ২-১ গোলের নাটকীয় জয় পায় বার্সেলোনা। এই জয়ে লা লিগার শিরোপা দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
জুলিয়ানো সিমিওনের গোলে শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই মার্কাস র্যাশফোর্ডের গোলে সমতায় ফেরে কাতালানরা। বিরতির পর বদলি হিসেবে নেমে বার্সাকে পূর্ণ পয়েন্ট এনে দেন রবের্ত লেভানদোভস্কি। আগের ম্যাচে মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সার সামনে সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর, আর সেই সুযোগটা দারুণভাবে লুফে নেয় কাতালানরা। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা, সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রায় ৭০ শতাংশ সময় বল পায়ে রেখে একের পর এক আক্রমণ শানায় ইয়ামাল-র্যাশফোর্ডরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জোয়াও কান্সেলোর পাসে লামিনে ইয়ামাল সুযোগ পেলেও তা নস্যাৎ করে দেয় অ্যাথলেটিকো রক্ষণ। ৩৯ মিনিটে ধারার বিপরীতে গোল করে মেত্রোপলিতানোকে উল্লাসে মাতান অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। ক্লেঁমো লংলের লম্বা পাস থেকে অফসাইডের ফাঁদ এড়িয়ে বল জালে জড়ান তিনি।
