কালিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর পবিত্র রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে কালিয়া পৌরসভার কলেজ মোড় এলাকায় অবস্থিত শ্রী শ্রী সর্বজনীন দেবত্র রথখোলা মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। কালিয়া সর্বজনীন দেবত্র রথখোলা মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৮০০ থেকে ১,০০০ সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।
শোভাযাত্রাটি কলেজ মোড় থেকে পৌরসভার প্রধান সড়ক, কালিয়া মেইন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় কালিয়া লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মরণে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথটি আগামী ২৪ জুলাই পর্যন্ত বড় কালিয়া লোকনাথ মন্দিরে অবস্থান করবে।
রথযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম শেখ, সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক গোল্লা ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রাকে কেন্দ্র করে কালিয়া পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক ছিলেন।
