কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন ইউএনও
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষে ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের উপলক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসান।
চারা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সবুজায়নের ছোঁয়া শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে।" এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচির উদ্দেশ্য পরিপূর্ণ হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরগী, উপজেলা শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই সবুজায়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানেই মানসম্মত চারা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল। উপজেলার মোট ৯৫ টি প্রাথমিক বিদ্যালয়, ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ১০ টি মাদ্রাসা ও ০৩ টি কলেজে এই সকল চারা বিতরণ করা হয়।
