গোবিন্দকাটিতে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত । বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টানতে হাজারো ভক্তের ঢল নামে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে আয়োজিত এ মহোৎসব এলাকাজুড়ে এক অনন্য ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা রথের দড়ি টেনে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ভক্তির বহিঃপ্রকাশ ঘটান।
রথযাত্রা উৎসব পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা জুলফিকার আলী সাফুই,বিএনপি নেতা হাসানুজ্জামান এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। রথযাত্রার মতো ধর্মীয় উৎসব পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের মূল ভিত্তি।”শেখ এবাদুল ইসলাম বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। আমরা চাই, সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দময় পরিবেশে পালন করুক। এ ধরনের উৎসব আমাদের জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও শক্তিশালী করে।”দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য রথযাত্রার মধ্য দিয়ে গোবিন্দকাটির ঐতিহ্যবাহী এ মহোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
