ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : দেশে আবারও সক্রিয় হয়েছে ভুয়া পরিচয় ব্যবহারকারী একটি প্রতারক চক্র। তারা নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করছে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করছে।
সম্প্রতি এমন একটি ঘটনার শিকার হতে গিয়েও অল্পের জন্য রক্ষা পান নড়াইলের কালিয়া উপজেলার এক সিনিয়র সাংবাদিক ও কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী । তিনি জানান, গত ১৬ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে ঢাকা ক্যান্টনমেন্টের "ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ" পরিচয় দিয়ে দাবি করেন, তার ফেসবুক আইডি থেকে সেনাবাহিনীর একটি গ্রুপে আপত্তিকর ভিডিও, ছবি ও অশালীন মন্তব্য করা হয়েছে।
পরে ওই ব্যক্তি অভিযোগের ভয়াবহতা তুলে ধরে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানার কথা বলে ভয় দেখান। একপর্যায়ে তিনি জানান, সমস্যা সমাধানের জন্য মোবাইলে একটি যাচাইকরণ কোড (OTP) যাবে, সেটি জানিয়ে দিতে হবে।
তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই সাংবাদিক OTP দিতে অস্বীকৃতি জানান এবং কলদাতার প্রকৃত পরিচয় যাচাইয়ের কথা বলেন। এরপরই প্রতারক কল কেটে দেন এবং আর যোগাযোগ করেননি।
ঘটনার পরপরই তিনি স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে পুলিশ জানায়, এটি প্রতারকদের একটি পরিচিত কৌশল। ভয়ভীতি দেখিয়ে OTP সংগ্রহ করে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। OTP শেয়ার না করায় তিনি প্রতারণার শিকার হননি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোনো সরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী বা ব্যাংক কখনোই ফোনে OTP, পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড জানতে চায় না। এ ধরনের ফোন পেলে আতঙ্কিত না হয়ে কল কেটে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছেন তারা।
সচেতনতাই সাইবার প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনো অবস্থাতেই OTP, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
