আশাশুনিতে ২৫ বস্তা সার জব্দ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলায় জব্দকৃত মালিকানা বিহীন ২৫ বস্তা সার সরকার নির্দ্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামে বিক্রয় করার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্দ্ধারিত মূল্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যে কোন কৃষক এক বস্তা করে সার ক্রয় করতে পারবেন।
সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজার ও আশাশুনি উপজেলা সীমান্তবর্তী (আশাশুনি-সাতক্ষীরা মেইন) সড়ক থেকে মালিকানা বিহীন ২৫ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত ১০ বস্তা ইউরিয়া (প্রতি বস্তা ১৩৫০ টাকা), ২ বস্তা টিএসপি (১৩৫০ টাকা বস্তা), ১০ বস্তা ডিএপি (১০৫০ টাকা বস্তা) ও ৩ বস্তা এমওপি (১০০০ টাকা বস্তা) মূল্যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, আশাশুনি হতে বিক্রয় করা হবে। আগামী ২১ জুলাই হতে বিক্রয় কার্যক্রম শুরু হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন।
