মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌশা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। তারা হলো-আমিনুর রহমানের দুই বছরের কন্যা রাইসা এবং তাঁর আপন ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছরের কন্যা রাফিয়া। নিষ্পাপ এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশেই থাকা একটি পুকুরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাকিব কাওসার বলেন, “শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। আমরা প্রয়োজনীয় পরীক্ষা পরিচালনা করে তাদের মৃত ঘোষণা করি।”
একই পরিবারের দুই ভাইয়ের এমন দুটি ফুটফুটে সন্তানের অকাল ও করুণ বিদায়ে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। স্বজনদের গুমরে কাঁদা আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
