ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৫১ পি.এম
কচুয়ায় এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের অংশ হিসেবে পাঁচ বছর মেয়াদি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাগেরহাটের কচুয়ায় সড়কজুড়ে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে কচুয়া উপজেলার বিভিন্ন সড়কের পাশে এই চারা রোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​মঙ্গলবার (২১ জুলাই)  সকালে উপজেলা প্রকৌশলী কার্যালয়, কচুয়ার আয়োজনে এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা প্রকৌশলী জনাব আসিফ এহসান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস এবং মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তরিকুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আলী হাসান বলেন,

​"জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপজেলার প্রধান সড়কগুলোর দুই পাশে সঠিক উপায়ে গাছ রোপণ ও তা সংরক্ষণ করা গেলে এটি শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়াবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাসযোগ্য এলাকা গড়ে তুলবে।"

​সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী আসিফ এহসান বলেন, পরিবেশের টেকসই উন্নয়ন ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এলজিইডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে ক্রমান্বয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

​অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রকল্পের

 কর্মীরা উপস্থিত ছিলেন। চারা রোপণ শেষে গাছগুলোর সার্বিক যত্ন ও সুরক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয।