কাদাকাটিতে এক রাতে ৩ স্থানে চুরি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে একরাতে ৩ স্থানে চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে হলদেপোতা ব্রীজের কাছে এ চুরির ঘটনা ঘটে।
কয়েকটি ইউনিয়ন ও উপজেলার সাথে সংযোগ সৃষ্টিকারী হলদেপোতা ব্রীজের কাছে কাদাকাটি গ্রামের আঃ হান্নান গাজীর ছেলে ভোলা ও সাবুদ আলী সরদারের ছেলে আঃ আলিমের দোকান এবং আরার গ্রামের মৃত সমজেল সরদারের ছেলে আঃ কাদেরের মৎস্য ঘেরের বাসা রয়েছে। সোমবার রাতে ভোলা ও আলিম দোকানে তালা লাগিয়ে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে দোকানে গিয়ে দেখেন ভোলার দোকান ঘরের চালের অ্যাডবেস্টারের টিন ফাঁকা। এবং দোকানে থাকা ৩টি বালতি, মূল্যবান মালপত্র (মূল্য অনুমান ১ লক্ষ টাকা) ও নগদ ২৫০০ টাকা চুরি হয়েছে। পাশে আলিমের স্টল দোকানে তালা ভেঙ্গে পাশের মসজিদের ৮৫০ টাকা ও অনুমান ৫০০০ টাকার মালপত্র চুরি হয়ে গেছে। একই স্থানে আঃ কাদের তার মৎস্য ঘেরের বাসায় সোমবার রাতে ক্রয়কৃত ১০ হাজার টাকার মাছ রেখে বাড়িতে যান। চোরেরা বাসার দরজা ভেঙ্গে মাছগুলো নিয়ে যায়। এলাকাবাসী মোড়ে অবস্থিত সিসি ক্যামেরা সচল করা ও স্ট্রিট লাইটটি মেরামত করে চালু করার ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
