কালীগঞ্জে মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ
মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর মহাশ্মশানঘাটে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দোয়েল যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।
শুক্রবার (২৪:জুলাই) সকাল ৯ টায় আয়োজিত এ কর্মসূচিতে মহাশ্মশান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে সংস্থার সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক পল্লব কুমার মৈত্রেয়, কোষাধ্যক্ষ গৌতম কুমার বসু, ফিরোজ মেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, শ্মশান কমিটির সম্পাদক উত্তম দাসসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মহাশ্মশানঘাটের সৌন্দর্য বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
সংস্থার সাধারণ সম্পাদক পল্লব কুমার মৈত্রেয় বলেন, ‘সবুজায়ন করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই প্রত্যয় নিয়ে তাদের সংগঠন কাজ করছে। তিনি বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
কর্মসূচিতে বক্তারা গ্রীনহাউস প্রভাব, বন উজাড়ের ক্ষতিকর দিক এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
