ঢাকা সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান হিটু

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৪৫ পি.এম
পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী  কামরুজ্জামান হিটু
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : আসন্ন ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি শুরু করেছেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন এবং সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

মল্লিক কামরুজ্জামান হিটু নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মূলশ্রী গ্রামের মল্লিক বংশের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে তাঁর সমর্থকরা জানান।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পহরডাঙ্গা ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

চেয়ারম্যান পদপ্রত্যাশী মল্লিক কামরুজ্জামান হিটু ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, জনগণের ভোট ও আস্থাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি সকলের কাছে দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পহরডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও প্রচারণা ধীরে ধীরে জোরদার হচ্ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা ও আগ্রহ বাড়ছে।