আশাশুনির মহিষকুড়-শীতুলপুর ভায়া পরিষদগামী রাস্তা পাকাকরণের দাবি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ওয়াপদা থেকে শীতুলপুর হয়ে ইউনিয়ন পরিষদগামী প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রোড আইডি-২৮৭০৪৪২৪৭-এর আওতাধীন সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করে থাকে। বৃষ্টির পানিতে ও হাঁটুসমান কাদা জমে থাকায় রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে।
স্থানীয় মাওঃ আব্দুর রহমান জানান, সড়কটি পাকাকরা হলে হাজারো মানুষের ভোগান্তি কমবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান জানান, এই সড়কে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি এবতেদায়ী মাদ্রাসা, কয়েকটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও একাধিক মসজিদের মুসল্লিরা চলাচল করে থাকেন। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি পাকা করা প্রয়োজন।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু জানান, এ রাস্তাটি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। দ্রুত উন্নয়ন কাজ শুরু হলে দীর্ঘদিনের জনভোগান্তির অবসান হবে।
