কলাপাড়ায় শিশু নিপীড়নের অভিযোগ, আসামি পলাতক
অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : চকলেট, বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া কলোনিতে এ ঘটনা ঘটে। রোববার (২৬ জুলাই) রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। তবে অভিযুক্ত সাইদুল পালিয়ে গেছে। এলাকার মানুষ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, ওই কলোনির বাসিন্দা আলম সরদারের জামাই অভিযুক্ত সাইদুল শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। পরপর তিনদিন শিশুটিকে বিস্কুট ও চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি বসতঘরের পেছনে নিয়ে যৌন নিপীড়ন চালায়। এরপর শিশুটিকে এসব কিছু না বলার জন্য ২০টি টাকা ধরিয়ে দেয় সাইদুল । ওই টাকাসহ বাসায় গেলে শিশুটির মা জানতে চায় টাকা কোথায় পেল। কিন্তু শিশুটি ওইদিন কিছু বলেনি। পরের দিন আবার টাকা ও চিপস হাতে দেখে মা তাকে জানার জন্য ধমক দেন। তখন সব কথা খুলে বলে শিশুটি।
শিশুর মা বলেন, ওর বাবার ভয়ে তাকেও এ ঘটনা প্রথমে জানাননি। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় এলাকার লোকজনও বিষয়টি জেনে যায়। তিনি এ ঘটনায় সাইদুলের শাস্তির দাবি জানান। এলাকার লোকজন এ ঘটনায় সাইদুলের শাস্তি দাবি করেন। দাবি করেন গ্রেফতারের। অভিযুক্তের শাশুড়ি বলেন, তারা বিষয়টি জানতেন না। তবে তার জামাই এ ঘটনায় জড়িত না বলে দাবি করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। ভিকটিমের মা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
