ঢাকা বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় খাল খনন ও ভূমি অফিস পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ১০.৪৭ পি.এম
কচুয়ায় খাল খনন ও  ভূমি অফিস পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া খাল পুনঃখনন কাজ প্রত্যক্ষ করেন এবং কচুয়া উপজেলা ভূমি অফিস ও রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার কাঠালিয়া খাল খনন কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন। তিনি বলেন, "কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে মান বজায় রাখতে হবে যেন স্থানীয় জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে ভোগ করতে পারেন।"

​পরবর্তীতে তিনি কচুয়া উপজেলা ভূমি অফিস এবং রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে তিনি অফিসের দাপ্তরিক নথি, নামজারি (মিউটেশন) প্রক্রিয়া, রেকর্ড সংরক্ষণ এবং ভূমি সেবা প্রদান ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, "ভূমি সেবা গ্রহণে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে আধুনিক ও জনবান্ধব সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।"

​পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অনুপ দাশ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান,সহকারি  কমিশনার (ভূমি)  মুহাম্মদ আসিফ  হায়দার সহ খুলনা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, বাগেরহাট জেলা প্রশাসন ও কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।