মহম্মদপুরে মিজানুর রহমান মিজানের উদ্যোগে নতুন জার্সি ও ফুটবল সামগ্রী বিতরণ
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে স্থানীয় ফুটবল স্টেডিয়াম মাঠে নিয়মিত অনুশীলন কারী ৮০ জন উদীয়মান ফুটবলারের মাঝে জার্সি ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে এক অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজানের উদ্যোগে জার্সি ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।
ক্রীড়াঙ্গনের সুদিন ফেরাতে এবং তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
২০০৯ সাল থেকে নিজস্ব অর্থায়ন ও নিরলস পরিশ্রমে এই একাডেমি পরিচালনা করে আসছেন এর প্রতিষ্ঠাতা পরিচালক সংবাদকর্মী মোঃ সুজন মিয়া। তাঁর হাতে গড়া এ একাডেমি ও মহম্মদপুরের মিনি স্টেডিয়াম মূলত ফুটবলার তৈরির এক অনন্য উর্বর ভূমি। এই মাঠ থেকেই হাতেখড়ি নিয়ে এখানকার অনেক খেলোয়াড় বিকেএসপি, দেশের স্বনামধন্য বিভিন্ন ক্লাব এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে নিয়েছেন।
জার্সি ও ফুটবল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও ৬ নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতারুজ্জামান আক্তার।
মহম্মদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান) ইউনিয়ন বিএনপি নেতা ডা: বাবুল আহমেদ, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মহম্মদপুরের ফুটবলের ঐতিহ্য অনেক প্রাচীন। এখানকার ছেলেরা বিকেএসপি ও জাতীয় টিমে খেলে মহম্মদপুরের সুনাম ছড়িয়েছে। তরুণদের মাঠমুখী রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সুজন মিয়ার এই পথচলায় যেকোনো অর্থনৈতিক বা প্রশাসনিক সহায়তায় পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন অতিথিরা।
নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আগামী দিনে এই মাঠ থেকেই জাতীয় দলের প্রতিনিধি তৈরি হবে—এমনটাই প্রত্যাশা মহম্মদপুরবাসীর।
