‘জ্ঞানের পাঠশালা’র উদ্যোগে বৃক্ষরোপণ, ড্রেস বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতি গ্রামে স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান ‘জ্ঞানের পাঠশালা’-এর উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, ক্রীড়া সামগ্রী প্রদান ও পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, শিশু-কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
প্রধান বক্তা ছিলেন জ্ঞানের পাঠশালার জমিদাতা ও প্রধান উপদেষ্টা মো. জামিল উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরলতা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর নওরিন সারোয়ার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আফিয়া ইবনাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।
এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষা, পরিবেশ সচেতনতা, খেলাধুলা ও বাঙালির ঐতিহ্যকে একসূত্রে গেঁথে শিশুদের সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
