ঢাকা সোমবার ০৩ আগস্ট ২০২৬ ১৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঢাকা-বরিশাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ল যাত্রীবাহী বাস

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৭.১৬ পি.এম
ঢাকা-বরিশাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ল যাত্রীবাহী বাস
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী দশমিনা পরিবহনের একটি বাস বাবলাতলা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে বাসে থাকা অনেক যাত্রী পানিতে পড়ে আহত হন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাসের যাত্রী ফিরোজ বলেন, বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে জানালা ভেঙে আমাদের উদ্ধার করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। বাসের ভেতরে আর কোনো যাত্রী আটকা নেই, এটি নিশ্চিত হওয়ার পর উদ্ধার অভিযান শেষ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।