ঢাকা মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ ২০ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৫.০৩ পি.এম
সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
www.dailyranggaprovat.com

মানিক ঘোষ, ঝিনাইদহ :

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের চেতনা ছড়িয়ে দিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি জহির হাসান মোহন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, জাফরুল ইসলাম, শামীম উদ্দীন ও শাকিল হোসেন, পৌর ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জিহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহারিয়ার হাসান সিমান্ত এবং সাংবাদিক রিয়াদ, ইয়াসিন, ইন্দ্রনীল, সাব্বির, মঞ্জুর, সোহাগ ও শাকিল।
এ সময় জহির হাসান মোহন বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এবং বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।