ঢাকা মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ ২০ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের গাছের চারা বিতরণ

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.১৩ পি.এম
আশাশুনিতে ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের গাছের চারা বিতরণ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবারের পুষ্টি ও অতিরিক্ত আয়ের উৎস তৈরির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে ব্র্যাক এর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) আওতাধীন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার ( ৩ আগষ্ট) দুপুরে আশাশুনি এডাপটেশন ক্লিনিক প্রাঙ্গনে বসতবাড়িতে গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

রয়্যাল ড্যানিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত এ প্রকল্পের উদ্যোগে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রকল্পের অপারেশন ম্যানেজার মো: সফিকুর রহমান স্বপন। প্রধান অতিথি ছিলেন আশাশুনি  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, কাজী এনামুল হক, সেক্টর স্পেশালিস্ট (কৃষি) মোঃ শাহীন হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, “ আশাশুনি উপজেলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জলবায়ু বিপদাপন্ন এলাকা, এখানে স্থানীয়রা প্রতিনিয়ত প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেচেঁ থাকে। ব্র্যাকের এই উদ্যোগ একই সাথে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় যুগান্তকারী অবদান রাখবে বলে আশাকরি। পাশাপাশি সারা বছর ফল আহরণ করতে পারবে ফলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে। সরকারিভাবে আশাশুনি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, সরকারের সাথে যুগপৎ এই উদ্যোগ স্থানীয়ের আরও অভিযোজিত করে গড়ে তুলবে।"

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, “উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগি এবং সারা বছরের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে এমন মডেলেই করা হয়েছে ব্র্যাকের এই উদ্যোগ। একই সাথে কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নের সুযোগ রয়েছে এই উদ্যোগে।"

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় ব্র্যাক আশাশুনি উপজেলার আশাশুনি, বড়দল, বুধহাটা, কাদাকাটি ও কুল্লা ইউনিয়নের প্রায় ৩০০ জন অংশগ্রহণকারীর মধ্যে বনজ, ফলজ ও ঔষধি প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করছে। স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর সম্পৃক্ততায় বাস্তবায়িত এ কার্যক্রম উপকূলীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।