ঢাকা বুধবার ০৫ আগস্ট ২০২৬ ২১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.৪৩ পি.এম
কচুয়ায় একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চান্দের পোলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদার এর বাড়ির পাশে একটি বসতঘরের ভেতর থেকে একই পরিবারের তিন সদস্যের গলিত ও পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুষ্কৃতকারীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত অথবা শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছে।

​নিহতরা হলেন—রাশিদা আক্তার (৬৫),  তাঁর মেয়ে মনিরা বেগম মনি এবং নাতি আহাদ আলী (২০)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে কচুয়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই একটি কক্ষে নানি রাশিদা আক্তারের লাশ ও অন্য কক্ষে খালা মনিরা বেগম ও খালাতো ভাই আহাদ আলীর  বিকৃত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। লাশের অবস্থা দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, অন্তত দুই থেকে তিন দিন আগে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

​ঘটনার খবর পেয়ে নিহত রাশিদা আক্তারের নাতনি মুক্তা ও মীমসহ স্বজনেরা দ্রুত সেখানে পৌঁছে লাশ শনাক্ত করেন। স্বজনদের করুণ আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। মর্মান্তিক ও ভয়াবহ এই ঘটনায় পুরো উপজেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​সংবাদ পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) , বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কচুয়া থানা-পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ অপরাধস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে। 

​এ বিষয়ে কচুয়া থানা-পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে সিআইডি,পিআইবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে।  লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।