উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়-এমপি রবিউল বাশার
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেস অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে মানবিক হতে হবে। মানুষ মানুষের কল্যাণে এগিয়ে এলে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে তবেই দেশের উন্নয়ন সম্ভব। উৎপাদন বাড়াতে না পারলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। আমাদের কালিগঞ্জ একটি লবণাক্ত এলাকা। এ অঞ্চলে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দিতে হবে। কৃষি খাতকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন
কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। তিনি জানান, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ১ হাজার ৭৫৯ জন সুবিধাভোগী কৃষককে স্মার্ট কার্ড প্রদান করা হবে। এছাড়া সবজি ও ফল উৎপাদন, লবণাক্ত জমিতে ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখছে। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ চৌধুরী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের খতিব পেশ ইমাম মাওলানা আহম্মেদ আলী। কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা,
উপসহকারী কৃষি কর্মকর্তা, মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি খাতের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে আটটি প্রদর্শনী স্টলে নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, কীটনাশকের নিরাপদ ব্যবহার ও বিকল্প পদ্ধতি এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফল কৃষি উদ্যোগ উপস্থাপন এবং কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথিকে
কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে
সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপির শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, তাপশ কুমার ঘোষ, হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।
