যথাযথ মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ: মাগুরা জেলা কৃষকদল নেতার পদত্যাগ
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দলে দীর্ঘদিন শ্রম ও ত্যাগ স্বীকার করার পরও সঠিকভাবে মূল্যায়ন না পাওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন মাগুরা জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে মহম্মদপুর উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, গত ৫ আগস্ট জেলা কৃষকদলের সভাপতি মো. রুবাইয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হীরা স্বাক্ষরিত মহম্মদপুর উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। নতুন এই কমিটিতে মো. রেজওয়ানুর রহমান রাসেলকে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘোষিত এই নতুন কমিটিতে পদ না পাওয়ায় সিনিয়র নেতাদের ওপর অভিমান করে বুধবার (৫ আগষ্ট) বিকেলে এ পদত্যাগের সিদ্ধান্ত নেন মো. ওবায়দুর রহমান।অদ্য বৃহস্পতিবার ৬ (আগষ্ট) বিষয়টি প্রকাশ পায়।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মো. ওবায়দুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে কৃষকদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছরের শাসনামলে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে অংশ নিয়েছি। দলের জন্য কাজ করতে গিয়ে আমার বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা হয়েছে এবং একাধিকবার কারাবরণ করতে হয়েছে।
তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, সম্প্রতি ঘোষিত মহম্মদপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটিতে আমাকে কোনো পদে রাখা হয়নি। দলের জন্য এত ত্যাগের পরও ন্যূনতম মূল্যায়ন না পাওয়ায় রাজনীতি করার আগ্রহ হারিয়ে ফেলেছি। তাই ক্ষোভ ও অভিমান থেকে স্বেচ্ছায় কৃষকদলের পদ থেকে পদত্যাগ করেছি।
