ঢাকা শনিবার ০৮ আগস্ট ২০২৬ ২৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েই প্রশ্ন’- কালীগঞ্জে রাশেদ খাঁন

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ১১.৪৪ পি.এম
শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েই প্রশ্ন’- কালীগঞ্জে রাশেদ খাঁন
www.dailyranggaprovat.com

মানিক ঘোষ, ঝিনাইদহ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, সম্প্রতি ভারত থেকে প্রচারিত শেখ হাসিনার বক্তব্যটি আদৌ তাঁর নিজের কণ্ঠ কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে—সেটিও স্পষ্ট নয়।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের গেস্ট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, “শেখ হাসিনা যদি বেঁচে থাকেন, তাহলে দেশে ফিরে আসুন। আইন অনুযায়ী তাঁর বিচার হবে।”
মতবিনিময় সভায় তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মী বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন। তাঁর ভাষ্য, সচিবালয় ঘেরাও কর্মসূচির নামে ‘মব’ সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দল। তাই তাদের দেশে রাজনীতি করার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির কিছু কর্মকাণ্ড আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরার ক্ষেত্র তৈরি করতে পারে।
রাশেদ খাঁন বলেন, “জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব তাদের ওপরও পড়বে। আওয়ামী লীগ ফিরে এলে রাজনৈতিক দমন-পীড়ন আরও বাড়তে পারে।”
স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কালীগঞ্জের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এএনএম জোবায়ের, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব উপস্থিত ছিলেন।