কলাপাড়ায় মা ও এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশীদের নির্মম নির্যাতনে গুরুতর আহত হয়েছে মা হাওয়া বেগম ও তার মেয়ে ফারজানা বেগম। হামলায় চম্পাপুর এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারজানার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ভেঙ্গে গেছে।
পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রাম আজ সকালে এ হামলার ঘটনায় আহতদের স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা বলেন, ১১ বছরের স্কুল ছাত্র রবিউল কে মন্দ বলার কারন জানতে চাওয়ায় প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা ও সুখী লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা হাওয়া বেগমকে মাটিতে ফেলে সারা শরীর পিটিয়ে জখম করে। সারা শরীরে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়। এসময় মায়ের আর্তনাদ শুনে মেয়ে ফারজানা এগিয়ে এলে তার উপর হামলা করে তার বাম হাতের একটি আঙ্গুল ভেঙ্গে দেয়। এবিষয়ে আহতদের পরিবার আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
এ ঘটনায় হামলাকারী জামাল হাওলাদারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
