সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ১১.৩৫ এ.এম
রাঙা প্রভাত ডেস্ক :
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, দুই জনের নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সাড়ে ৩টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (বাবা সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (বাবা মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন (বাবা গুফফার প্রামাণিক), মো. সুমন (বাবা গুফফার প্রামাণিক) ও মিনহাজ। বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল (বাবা মজনু) এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন। তবে মিনহাজের সুনির্দিষ্ট গ্রামের নাম এখনও জানা যায়নি।
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রাম ও ডাংগাপাড়া গ্রামের শ্যামল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
