বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে ৪০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা এলাকায় ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ নামে টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) বিকালে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটির বিরুদ্ধে একটি মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
স্থানীয়দের অভিযোগ, সুগন্ধা নদীর তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ির পাশে স্থাপিত কারখানাটি থেকে দীর্ঘদিন ধরে কালো ধোঁয়া ও দূষণ ছড়াচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।
এর আগে কারখানাটির দূষণ বন্ধের দাবিতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। গত ২৫ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়ে কারখানাটি বন্ধের দাবি জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, পরিবেশ সুরক্ষা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
