অপরাধ-মাদক-চুরি-ডাকাতি দমনে দিনরাত নড়াগাতী থানা পুলিশ তৎপর
নড়াইল প্রতিনিধি : মাদক, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে দিনরাত মাঠে কাজ করছে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা পুলিশ। নিয়মিত টহল, অপরাধীদের ওপর নজরদারি ও অভিযোগের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “মাদক, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল সম্ভব নয়। এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে।”
তিনি আরও বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “পুলিশ জনতার, জনতাই পুলিশের। জনগণের সহযোগিতাই পুলিশের কাজকে আরও সহজ করে।”
স্থানীয়দের মতে, পুলিশের নিয়মিত টহল ও দ্রুত সাড়া অব্যাহত থাকলে নড়াগাতীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শান্তিপূর্ণ নড়াগাতী গড়ে তোলার প্রত্যাশা তাদের।
