ঘূর্ণিঝড়ে নিহত জেলে পরিবারের পাশে জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে ঘূর্ণিঝড়ে নিহত জেলে পরিবারের সদস্যদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী হাসান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং জেলা জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো জেলেদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনসহ সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন। একইসাথে মৎস্যজীবীদের নিরাপদ জীবিকা ও দুর্যোগকালীন সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
