মহম্মদপুরে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি সংঘবদ্ধ চক্রের অপ তৎপরতার প্রতিবাদে মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ দিন সকালে নেতাকর্মীরা "চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না", "ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না" ইত্যাদি স্লোগান দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরবর্তীতে মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বক্তব্যে তিনি বলেন, "আমাদের বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সার্বিক সহায়তায় মহম্মদপুরে যে অভূতপূর্ব উন্নয়ন ও বরাদ্দ আসছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিরীহ, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতার সাথে সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।"
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তিনি আরও বলেন, "প্রায় ৯০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিরপেক্ষভাবে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। যারা নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে, তারা দলের সুহৃদ হতে পারে না।"
সমাবেশে উপস্থিত অন্য বক্তারা মূল বক্তার বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলেন, কোনো প্রকার অপপ্রচার বা চক্রান্তের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক সুবিধা হাসিল করতে না পেরে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না এবং অপপ্রচারে লিপ্ত হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও অপপ্রচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাড. খান রোকনুজ্জামান, বিএনপি নেতা অধ্যক্ষ (অব:) মোহাম্মদ মতিউর রহমান (আহ্বায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল), অ্যাড. মো: মনিরুল ইসলাম মুকুল (বিএনপি নেতা), অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন (বিএনপি নেতা), অ্যাড. আহসান হাবিব খাঁন সোহেল (সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), মহিদুল ইসলাম (সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), আক্তারুজ্জামান বিল্লাহ (সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), মো: শরিফুল ইসলাম টুকু (সাবেক ছাত্রদল নেতা), মো: তরিকুল ইসলাম তারামিয়া (আহ্বায়ক, উপজেলা যুবদল), মো: আরিফুজ্জামান মিল্টন (আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল), মো: ইব্রাহিম সর্দার শাকিল (ছাত্রদল নেতা), রফিকুল ইসলাম (ছাত্রদল নেতা)
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
