ঢাকা বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির রাউতাড়া-আমাদী খেয়াঘাট রাস্তার দুরাবস্থা, জনভোগান্তি চরমে

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.০৮ পি.এম
আশাশুনির রাউতাড়া-আমাদী খেয়াঘাট রাস্তার দুরাবস্থা, জনভোগান্তি চরমে
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে :  আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া টু আমাদী খেয়াঘাট রাস্তারর দুরাবস্থা বেড়েই চলেছে। রাস্তায় যাতয়াতকারী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। 

কালকি স্লুইস গেট রেখে ৩ রাস্তার মুখ হতে রাউতাড়া টু আমাদী খেয়াঘাট রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩ কিঃমিঃ। ওয়াপদার বাঁধের উপর দিয়ে রাস্তাটি ১০/১৫ বছর পূর্বে ইটের সোলিং করা হয়েছিল। দীর্ঘ সময়ে আর কোন সংস্কার কাজ হয়নি। সোলিং এর ইট বসে গিয়ে, ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হতে শুরু করে। রাস্তার অধিকাংশ ইট ভেঙ্গে, নষ্ট হয়ে রাস্তার পাশে গিয়ে পড়েছে। রাস্তায় যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে রাস্তা দিয়ে পাঢে হেটে চলাও ঝুঁকিপূর্ণ। রাস্তায় রাউতাড়া ও খাজরা গ্রামের প্রায় ৩ হাজার ৫০০ মানুষ চলাচল করে থাকে। এছাড়া আমাদী ও নাকশা খেয়াঘাট পার হয়ে আশাশুনি ও কয়রা উপজেলার বহু মানুষের চলাচল এই রাস্তায়।

রাস্তা আওতায় ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ টি মাদ্রাসা রয়েছে। প্রতিষ্ঠান ৩টির ছাত্রছাত্রীরা এই পথেই যাতয়াত করে থাকে। এছাড়া অনেকগুলো মসজিদ, মন্দির ও প্রতিষ্ঠান রয়েছে এলাকায়। গ্রামের মানুষকে নিত্যদ্রব্য ক্রয়ের জন্য এই পথ ধরেই যেতে হয় খাজরা বাজার বা বড়দল বাজারে। ফলে এলাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে কষ্টকর পরিস্থিতিতে ফেলছে রাস্তাটি। 

স্থানীয় বিএনপি নেতা ইউনুছ আলী জানান, রাস্তাটি এলাকাবাসীর জন্য খুবই প্রয়োজনীয় ও জরুরী ব্যবহৃত রাস্তা। দীর্ঘকাল সংস্কার কাজ না হওয়ায় ইটের সোলিং নষ্ট হয়ে গেছে। গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের স্বার্থে রাস্তার সংস্কার কাজ করার উদ্যোগ নিয়ে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।