সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবাসহ এক ইউপি সদস্য ও দুই সহযোগী আটক
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়েছে এক ইউপি সদস্য ও তার দুই সহযোগী। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের হলো: চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মো. আজিজার গাইনের ছেলে ইউপি সদস্য মো. শাহানুর ইসলাম (৪৮), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান (৩০) এবং পার্শ্ববর্তী শার্শা থানার কায়বা গ্রামের মৃত ফজের আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৯)।
কলারোয়া থানা সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের ইউপি সদস্য শাহানুর রহমানের বাড়িতে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। এ সময় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে । পরে তাদের দেহ তল্লাশি করে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
