আশাশুনির শ্রীউলায় আইন শৃংখলা সভা ও বৃক্ষরোপণ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলা শ্রীউলা ইউনিয়নের বালিয়াখালী গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি এবং মাদক সন্ত্রাস চাঁদাবাজী ও ইভটিজিং প্রতিরোধে আইন শৃংখলা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে বালিয়াখালী ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বালিয়াখালী যুব সংঘের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আঃ সালামের সভাপতিত্বে ও ব্যাংকার সাকিল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী রফিকুজ্জামান ছট্টু, ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপি সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মেহদী হাসান, মাড়িয়ালা হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ, ইউপি সদস্য ইয়াছিন আলী। স্বাগত বক্তব্য রাখেন, যুব সংঘের সভাপতি জুলফিকর আলী পলাশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ গোলাম মোস্তফা। পরে প্রধান অতিথি মাদ্রাসা চত্বরে বৃক্ষ রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বালিয়াখালী যুব সংঘ রাধারআটি থেকে বালিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বালিয়াখালী ইবতেদায়ী মাদ্রাসা পর্যন্ত সড়কে ৩০০০ বৃক্ষ রোপণ করবে।
