কচুয়ায় দিনদুপুরে ডাকাতির চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি রাহাদ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের মঘিয়া গ্রামে দিনদুপুরে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত । স্থানীয় মোশাররফ তরফদার ওরফে মোশাররফ মহুরির বাড়িতে রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইজন ডাকাত দেশীয় অস্ত্র হাতে হঠাৎ ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।
এরপর ডাকাতরা ঘরের মালিক মোশাররফ তরফদারের স্ত্রী সাহিদা আক্তার ও পুত্রবধূ ফারজানা আক্তার হানিকে কালো কাপড় দিয়ে চোখ এবং দড়ি দিয়ে হাত বেঁধে ফেলে। এসময় ফারজানার কোলে ছোট শিশু ছিল।
ঠিক ওই সময় তাদের আত্মীয় ছেলের শাশুড়ি মঞ্জিলা বেগম বাড়িতে আসলে ডাকাতরা কৌশলে তাকেও ভেতরে ডেকে নিয়ে একইভাবে হাত-পা বেঁধে আটকে রাখে।
ডাকাতরা বাড়ির মালিকের স্ত্রী চাহিদা বেগম ও তার বেয়াইন মনজিলা বেগমের দেহ তল্লাশি করে প্রায় ৯ আনা ওজনের দুই জোড়া স্বর্ণের দুল এবং নগদ ১২,০০০ টাকা লুট করে নেয়। ঘটনার সময় গৃহকর্তা বাড়িতে ছিলেন না।
কিছুক্ষণ পর রুহিন নামে এক আত্মীয় অসুস্থ বোনকে দেখতে এসে ঘরের ভেতর থেকে কান্না ও চিৎকার শুনতে পান।
রুহিনের ডাকাচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বিষয়টি ডাকাতরা টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
একই দিন ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ মনজুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: রফিকুল ইসলাম, ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা এনায়েত হোসেন, কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি উজ্জ্বল কুমার দাস, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম এ যুবায়ের রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত সংগ্রহের কাজ চলছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।"
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
