দেবহাটার রিয়াজুল ইসলাম জেলার শ্রেষ্ঠ কাপ জাতীয় মাছ চাষির পুরস্কারে ভূষিত
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ কাপ জাতীয় মাছ চাষীর পুরস্কার অর্জন করেছেন দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের সফল মাছ চাষি রিয়াজুল ইসলাম। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, পরিশ্রম ও অভিজ্ঞতার সঙ্গে মাছ চাষ করে আসা রিয়াজুল ইসলামের এই অর্জনে এলাকাজুড়ে আনন্দ ও প্রশংসার সৃষ্টি হয়েছে।
মাছ চাষকে পেশা হিসেবে গ্রহণ করে দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে আসছেন। নিজের অভিজ্ঞতা, শ্রম ও আধুনিক চাষাবাদ পদ্ধতির সমন্বয়ে মাছ উৎপাদনে তিনি সাফল্য অর্জন করেছেন। তার এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ কাপ জাতীয় মাছ চাষীর পুরস্কার প্রদান করা হয়। রবিবার তাকে এই পুরষ্কার প্রদান করেন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয়রা জানান, রিয়াজুল ইসলাম শুধু একজন সফল মাছ চাষীই নন, তিনি একজন পরিশ্রমী, বিনয়ী ও সদালাপী মানুষ। তার চলাফেরা, ব্যবহার ও মানুষের সঙ্গে কথা বলার ধরন অত্যন্ত সুন্দর ও মিষ্টভাষী। মাছ চাষের পাশাপাশি তিনি এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। তার কর্মনিষ্ঠা ও সফলতা অনেক নতুন উদ্যোক্তা ও তরুণকে মাছ চাষে আগ্রহী করে তুলেছে।
দেবহাটার সখিপুর এলাকার মাছ চাষীদের মধ্যে রিয়াজুল ইসলামের রয়েছে আলাদা পরিচিতি। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি মাছের উৎপাদন বৃদ্ধি, পরিচর্যা ও ব্যবস্থাপনার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। তার খামারে নিয়মিত পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষে সফলতা এসেছে বলে জানা গেছে।
একজন সাধারণ মাছ চাষী থেকে জেলার শ্রেষ্ঠ মাছ চাষীর স্বীকৃতি পাওয়াকে নিজের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে দেখছেন রিয়াজুল ইসলাম। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে মাছ চাষ লাভজনক পেশা হিসেবে আরও বিকশিত হতে পারে।তার এই অর্জনে পরিবার, স্বজন, এলাকাবাসী ও সহকর্মী মাছ চাষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রিয়াজুল ইসলাম তার অভিজ্ঞতা ও সফলতার মাধ্যমে মাছ চাষে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং এলাকার তরুণদের আত্মকর্মসংস্থানের পথ দেখাবেন।
রিয়াজুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে—পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কোনো কাজকে ভালোবেসে এগিয়ে গেলে সাফল্য অর্জন করা সম্ভব।
