ঢাকা মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনার রূপপুরে সেপ্টেম্বর থেকে জাতীয় গ্রিটে মিলবে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৩৭ পি.এম
পাবনার রূপপুরে সেপ্টেম্বর থেকে জাতীয় গ্রিটে মিলবে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সেজন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে জোরেশোরেই। সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিট পূর্ণ উৎপাদনে যাবে। মূলত, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সংকটের কারণে বিপাকে বাংলাদেশ, বাড়ছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে বারবারই সামনে আসছে এই বিদ্যুৎকেন্দ্রের নাম। কবে নাগাদ এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ মিলবে, সেই অপেক্ষায়ও দেশবাসী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানো হয়েছে। দুই ধাপে সফলভাবে সম্পন্ন হয়েছে শতাধিক পরীক্ষা। বাকি পরীক্ষাগুলোও পর্যায়ক্রমে শেষ করা হচ্ছে। প্রতিটি ধাপ যাচাই-বাছাই শেষে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একবার চালু হলে কেন্দ্রটি ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। একবার জ্বালানি লোড করার পর প্রায় ১৮ মাস বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এরপর নতুন জ্বালানি দিতে একটি ইউনিট সর্বোচ্চ প্রায় দুই মাস বন্ধ থাকতে পারে।