শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : প্রবাসীর বসতঘরে ডাকাতির রেশ কাটতে না কাটতে মাদ্রাসা শিক্ষকের বসতঘরে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) দিবাগত রাত তিনটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে এই ঘটনা ঘটে।
ওই গ্রামের বাসিন্দা ও আল-হেলাল একাডেমীর শিক্ষক আবুল হোসেন জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ৫/৬ জনের একটি সশস্র ডাকাত দল বসতঘরের দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে। একপর্যায়ে আমাকে এবং আমার ছেলেকে অস্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরবর্তীতে তারা বসতঘর থেকে সাড়ে চার আনা স্বর্ন, একটি রুপার চেইন এবং নগদ ৭ হাজার টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতেরা মোবাইল নিয়ে গেলেও সীম খুলে দিয়ে গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি (আবুল হোসেন) লিখিত অভিযোগ দেওয়ার জন্য থানায় অবস্থান করছেন বলে জানান।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য গত ১৪ আগষ্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বসতঘরে ঢুকে তার স্ত্রী-কন্যার গলায় রামদা ধরে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাতেরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটলো।
